আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি:
‘একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে ধারণ করে রক্তদাতাদের সংগঠন বাঁধন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিকেল ৪টা ৩০ মিনিটে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে সর্বোচ্চ রক্ত সংগ্রাহকদের পুরস্কৃত করা হয়। এ বছরে সর্বোচ্চ ১১২ ইউনিট রক্ত সংগ্রহ করেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মো. রাফসানুর রাফি। এছাড়া সর্বোচ্চ ২৬ বার রক্তদান করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫০তম আবর্তনের তামজিদ হাসান প্রিন্স।
পরবর্তীতে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম আবর্তনের মো. নাঈম আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ৫১তম আবর্তনের বায়জীদ আহমদ নির্বাচিত হয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বাঁধনের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড.কবিরুল বাশার বলেন, “আমি যখন ছাত্র ছিলাম, একদিন হলে এসে শুনি এক গরিব মা সকাল থেকে আমার জন্য বসে আছেন। কাছে গিয়ে দেখি, তিনি এক গ্লাস দুধ খাওয়াতে চান। পরে কেঁদে বললেন, তার ছেলের জন্য আমি রক্ত জোগাড় করেছিলাম, কিন্তু সে বাঁচেনি। আমি ছোট একটি কাজ করেছিলাম, কিন্তু সেই মায়ের ভালোবাসা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আমি বিশ্বাস করি, যারা রক্তদান করেন তারা মানুষের দোয়া পান। তাই সবার প্রতি আমার অনুরোধ—মানুষের ভালোবাসা ও দোয়া অর্জনের চেষ্টা করুন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “রক্ত মানুষের জীবনের জন্য অপরিহার্য। এটি শরীরে অক্সিজেন পরিবহন করে এবং জীবন সচল রাখে। তাই রক্তদান মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। বাঁধন দীর্ঘদিন ধরে যে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ উদ্যোগের মাধ্যমে লাখো মানুষ উপকৃত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি আশা করি, বাঁধনের মাধ্যমে রক্তদান কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং এর সঙ্গে যুক্ত সবাই মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন।”
বাঁধন জাবি জোনের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. লুৎফর এ ইলাহী, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বাঁধনের কেন্দ্রীয় উপদেষ্টা শানেওয়ার শাহীন, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরে বাঁধন, জাবি জোনের মাধ্যমে মোট ১৮৯৬ ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply